ঢাকা

জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে আবারও জোরালো হয়ে উঠছে জেন-জি প্রজন্মের বিক্ষোভ। রাজধানী তেহরানে টানা দ্বিতীয় দিনের মতো রোববার শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন।


রোববার (২২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি–এর তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে আল আরাবিয়া ইংলিশ।


প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর ও জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার তেহরানে আন্দোলন শুরু করে তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। এর পাল্টা হিসেবে সরকারের সমর্থনে থাকা তরুণ-তরুণীরাও মিছিল ও সমাবেশের ডাক দেয়।


ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরিফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহাম্মদ রেজা শাহ পাহালভি–এর আমলের পতাকা হাতে মিছিল করছেন এবং সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।


দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের জেরে গত ডিসেম্বরে তেহরান থেকে শুরু হয় বিক্ষোভ, যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বড় আকারের সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। পরে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়ে আন্দোলন দমন করে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।


ইরান কর্তৃপক্ষ তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা স্বীকার করলেও তাদের দাবি, সহিংসতার পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত ছিল এবং এসব ঘটনায় দেশের শত্রুরা উসকানি দিয়েছে।


অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।




কমেন্ট বক্স