ঢাকা

হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য ও নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল হান্নান মাসুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহরসহ প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।


আবদুল হান্নান মাসুদ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটেছে এবং তার কয়েকজন কর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশের উপস্থিতি থাকলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।


ঘটনার প্রতিবাদে আবদুল হান্নান মাসুদ ও তার সমর্থকেরা প্রকল্প বাজার সড়কে অবস্থান নিয়ে বিচারের দাবি জানান।


এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





কমেন্ট বক্স