বগুড়া জেলা প্রতিনিধি: মোরশেদ মিল্টন বলেছেন, সকলের সহযোগিতায় একটি উন্নত, আধুনিক ও সুশাসিত শাজাহানপুর গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শাজাহানপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাহাবুল আলম, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোরশেদ মিল্টন বলেন, শাজাহানপুরের সার্বিক উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে।
সভা শেষে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করেন।