ঢাকা

পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের আকাশসীমা বন্ধ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। শনিবার সকালে ইরানের বিভিন্ন এলাকায় হামলা শুরু হওয়ার পর ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে বিমানবন্দরে না আসতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।


এছাড়া সারাদেশে সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকদের কাছে একটি জাতীয় সতর্কতা বার্তা পাঠিয়েছে, যেখানে নিরাপদ স্থানের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা সম্পর্কে জনগণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা জারি করা হয়েছে।


অন্যদিকে, শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালানোর খবর পাওয়া গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হামলা শুরু হয়েছে। তাঁর দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি দূর করতেই এই অভিযান চালানো হয়েছে।


নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা চালিয়েছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সূত্র: আল জাজিরা।





কমেন্ট বক্স