চলতি মাসে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী নেতৃত্বে অনুষ্ঠিত এক সভার পরে সাংবাদিকদের জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খালের উদ্বোধন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেখানে কাজ চলছে। এপ্রিলে আরও দুটি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে—একটি ঝিনাইদহের শৈলকুপা ও অন্যটি ফেনীতে। প্রধানমন্ত্রী সরাসরি উক্ত জেলাগুলোতে গিয়ে উদ্বোধন করবেন। পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বিভিন্ন জেলায় কার্যক্রম তদারকি করছেন।
সভায় খাল খননের জন্য ১৮০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়ন ও দৃশ্যমান করার বিষয়টিও আলোচিত হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, নদীর অবৈধ দখল ও দূষণের কারণে দেশের অনেক নদী নষ্ট হয়ে গেছে। খাল খননের পথে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে—কোথাও শিল্পকারখানার বর্জ্য জমেছে, কোথাও খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব খাল পুনরুদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সমন্বিত উদ্যোগে সব সমস্যা সমাধান করে নির্ধারিত লক্ষ্য অর্জনে আশাবাদী সবাই।
তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বলেন, বিষয়টি কারিগরি পর্যায়ে আলোচনায় রয়েছে এবং বিশেষজ্ঞরা নিয়মিত কাজ করছেন। ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ বিষয়ে মন্ত্রী জানান, টেকনিক্যাল টিম কাজ চালিয়ে যাচ্ছে এবং কার্যক্রম নিয়মিত চলমান।
নিউজ ডেস্ক