গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্বামীহারা ও গুরুতর অসুস্থ কেশনা বালার পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন টিম জিয়ন। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান বাধপাড়া এলাকায় কেশনা বালার বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করে সংগঠনটি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল রাতে কেশনা বালার স্বামী অরজুন চন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও অ্যাজমায় ভুগছিলেন। ২০১৮ সাল থেকে অসুস্থতার কারণে তিনি কার্যত কর্মক্ষম ছিলেন না। আগে তিস্তা নদীতে মাছ ধরে যা আয় করতেন, তা দিয়েই কোনোরকমে চলত তাদের সংসার।
দম্পতির দুই মেয়ে থাকলেও তাদের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে বাড়িতে দেখাশোনার মতো কেউ নেই। স্বামীর অসুস্থতার পর সংসারের দায়িত্ব কাঁধে নেন কেশনা বালা। তিনি মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে স্বামীর চিকিৎসা ও সংসার চালাতেন।
তবে ২০২৩ সাল থেকে কেশনা বালাও মেরুদণ্ড ও কোমরের হাড় ক্ষয়জনিত জটিল রোগে আক্রান্ত হন। গত তিন মাসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তিনি শয্যাশায়ী। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও এমআরআই (MRI) করানো প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী, টিম জিয়নের প্রতিনিধি শাকিল আহমেদ, সাংবাদিক শাহজালাল শ্রাবণসহ স্থানীয় ব্যক্তিরা।
এ অবস্থায় পরিবারটির দুর্দশা বিবেচনায় নিয়ে টিম জিয়ন তার পাশে দাঁড়ায়। সংগঠনটির প্রতিনিধি শাকিল আহমেদ কেশনা বালার এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যয় বহনের আশ্বাস দেন।
এ সময় রেজাউল করিম রাযী বলেন, আমরা আমাদের সাধ্যের আলোকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।