জেলা প্রতিনিধি, সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু হানিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ব্রাক্ষণগ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু আবু হানিফ ব্রাক্ষণগ্রামের বাসিন্দা শরিফ আহমদের ছেলে এবং মাওলানা গোলাম কিবরিয়ার ভাতিজা।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার আছরের সময় শিশু আবু হানিফ বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাজুড়ে বিরাজ করছে শোকের আবহ।
নিহতের চাচা মাওলানা গোলাম কিবরিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাতিজা আবু হানিফ সারাদিন বাড়ি মাতিয়ে রাখত। কয়েক দিনের মধ্যেই তার দুই বছর পূর্ণ হতো। তার এমন অকাল চলে যাওয়া আমাদের ভেঙে দিয়েছে।”
নিউজ ডেস্ক
