গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ৩০ মার্চ দুপুর আড়াইটার দিকে রাজাহার ইউনিয়নের নওগাঁ (প্রভুরামপুর) মরাপুকুর ইউনিয়ন পরিষদের পার্শ্বে মারপিটের ঘটনা ঘটে। এ সময় গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খানসহ তিনজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন।
তখন রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, তার ভাই নূর আলম ও আরও অজ্ঞাত ৪–৫ জন বাঁধা দিয়ে তাদের উপর লাঠি, সোটা ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার সময় জোবাইদুর রহমান সাগরের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও ভাংচুর করা হয়। হামলায় সাংবাদিক মাহমুদ খান ও জোবাইদুর রহমান সাগর আহত হন।
পরে অন্যান্য গণমাধ্যমের সাংবাদিক ও থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মাহমুদ খান গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গাইবান্ধার পুলিশ সুপার জসিমদ্দিনের নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানার পুলিশ রাতে অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেফতার করে। অপর প্রধান আসামী নুরুন্নবী এখনও পলাতক।
ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল হামলার তীব্র নিন্দা জানিয়ে নুরুন্নবিসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
নিউজ ডেস্ক
