টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ৮ মাসের শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েছে। সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফাল এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। শিশুটিকে বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানিয়েছেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি দ্রুত ছড়াতে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়া এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, সম্প্রতি হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডটি হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার ওই ওয়ার্ডে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মোট ১৭ জন হামে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল; এর মধ্যে তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। ৮ মাসের এক শিশুটি মারা গেছে।
নিউজ ডেস্ক
