রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সীমান্ত (২৫) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সীমান্তের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত বাসাটিতে সাবলেট নিয়ে পড়াশোনা করতেন। রুমমেটের বরাত দিয়ে তিনি জানান, গত রাত নয়টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে ছিলেন। কিছু সময় পেরিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে মালিক দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়। তাই তাদের ধারণা, তিনি হয়তো বিষক্রিয়ায় আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এমন করেছেন, তা পরিবারের পক্ষ থেকে জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় হাজারীবাগ থানাকে অবহিত করা হয়েছে।
নিউজ ডেস্ক
