ইরানে শুক্রবার (৩ এপ্রিল) রাতে মার্কিন বিশেষ বাহিনী প্রবেশ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ । ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে খুঁজে বের করতেই তারা এই অভিযান চালায়।
এর আগে ইরান তাদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলো।
বিমানটি ভূপাতিত হওয়ার আগেই দুই পাইলট ইজেক্ট করে বেরিয়ে যান। এরপর তাদের উদ্ধারে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই তৎপর হয়ে ওঠে। এর মধ্যে একজন পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী।
উদ্ধার অভিযানে মার্কিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার অংশ নেয়। তবে সেগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এতে হেলিকপ্টার দুটি ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত সেগুলো নিরাপদে ইরাকে অবতরণ করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজ ডেস্ক