নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অঙ্কিত বর্মন (৩) নামে এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচি ফুলরানি বর্মণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
পুলিশ জানায়, ঘটনার সময় ফুলরানির সন্তানদের সঙ্গে খেলছিল অঙ্কিত। একপর্যায়ে ঝগড়ার মধ্যে অঙ্কিত তার চাচির পায়ে ধাক্কা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফুলরানি। পরে শিশুটিকে পাশের ঘরে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।
নিহত অঙ্কিত উপজেলার বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। তার বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। কয়েক দিন আগে দাদির সঙ্গে গ্রামে আসে অঙ্কিত।
সোমবার দুপুরে খেলার সময় তাকে গলায় কাটা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ চারজনকে আটক করে। আটকরা হলেন—অঙ্কিতের চাচা রাজন চন্দ্র বর্মণ, আরেক চাচা লিটন বর্মণের স্ত্রী ফুলরানি বর্মণ এবং আত্মীয় সুকুমার বর্মণ ও তার স্ত্রী মায়ারানি বর্মণ।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার আদালত চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।
নিউজ ডেস্ক
