রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি ব্যাটারী চালিত রিকশার উপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রাতে মীরহাজীরবাগে ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।
নিউজ ডেস্ক
