ঢাকা

১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ কার্যক্রমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন শনিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে।


মন্ত্রী জানান, সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে বিশেষজ্ঞ কমিটির পরামর্শে আপাতত এই উপজেলাগুলো নির্বাচিত করা হয়েছে। টিকা প্রদানের পাশাপাশি হামের লক্ষণ থাকা বা আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে। এছাড়া রাজধানীর শিশু হাসপাতালে নতুন করে ৬১ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।


টিকাদান কর্মসূচি কার্যক্রমে অন্তর্ভুক্ত ১৮ জেলার ৩০ উপজেলা:

বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ১৯ দিনে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫,৭৯২ জন, যার মধ্যে ৭৭১ জনকে হাম রোগ হিসেবে শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে ৯৪ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে এবং ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।





কমেন্ট বক্স