ঢাকা

নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত পেতে মরিয়া যুক্তরাষ্ট্র-ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানে ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সংঘাতের ৩৫তম দিনে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর হামলায় বিমানটি ধ্বংস হওয়ার পর থেকেই নিখোঁজ বৈমানিকদের খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ইতোমধ্যে একজন পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অন্যজনের খোঁজে এখনো অভিযান চলছে। অন্যদিকে, ইরান নিখোঁজ পাইলটদের ধরতে জনপ্রতি ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। ফলে সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও অনুসন্ধানে নেমেছে।

বিশ্লেষকদের মতে, নিখোঁজ পাইলটদের জীবিত পাওয়া উভয় পক্ষের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের জন্য এটি তাদের সামরিক সক্ষমতা ও মর্যাদার প্রশ্ন, আর ইরানের জন্য এটি হতে পারে বড় ধরনের কূটনৈতিক ও প্রচারণার হাতিয়ার।

বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান কোনো পাইলটকে আটক করতে সক্ষম হয়, তবে তা ভবিষ্যৎ দরকষাকষি, গোয়েন্দা তথ্য আদায় এবং আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির সুযোগ তৈরি করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র দ্রুত উদ্ধার করতে পারলে সংঘাতের প্রভাব সীমিত রাখতে পারবে।

এদিকে, নিখোঁজ ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্র বিশেষ ‘কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান চালাচ্ছে। এতে হেলিকপ্টার, রিফুয়েলিং বিমান ও বিশেষ প্রশিক্ষিত বাহিনী অংশ নিয়েছে।

পরিস্থিতি বিশ্লেষণে বলা হচ্ছে, এই ঘটনার ফলাফল নির্ধারণ করবে সংঘাতের পরবর্তী ধাপ। পাইলটদের ভাগ্য ঘিরে অনিশ্চয়তা যত দীর্ঘ হবে, ততই বাড়বে উত্তেজনা এবং জটিলতা।



কমেন্ট বক্স