ঢাকা

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হন ছাইদার রহমান (৫৭), তিনি ৮নং ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং মৃত আজিম উদ্দিনের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম অভিযানে অংশ নেয়। অভিযানের সময় অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় তার নিজ দখলীয় শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে দেহ তল্লাশিকালে তার পরিহিত শার্টের বুক পকেটে থাকা একটি ডার্বি ব্র্যান্ডের খালি সিগারেট প্যাকেটের ভেতর নীল জিপারে সংরক্ষিত ৪০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। ঘটনাস্থলেই আলামত জব্দ করে নিয়ম অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। একই সঙ্গে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে উপ-পরিদর্শক এনামুল হক জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় সম্পন্ন করবে।একজন জনপ্রতিনিধি হিসেবে সমাজের নৈতিক মানদণ্ড রক্ষা এবং জনগণের কল্যাণে কাজ করার দায়িত্ব থাকলেও তার বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে স্থানীয় সচেতন মহল মন্তব্য করেছেন। তাদের মতে, মাদক শুধু ব্যক্তি নয়, একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয় এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।



কমেন্ট বক্স