ঢাকা

শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময়ের ঘটনায় দায়ের করা আশরাফুল হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন, আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে, শিরীন শারমিন চৌধুরীর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন।

তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নাকচ করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তাকে আদালতে আনা হয়। শুনানির আগে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এক নম্বর আসামি শেখ হাসিনা এবং তিন নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরীসহ অন্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জড়িত ছিলেন। তাদের পরিকল্পনা ও নির্দেশনায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন আশরাফুল ওরফে ফাহিম, যার একটি গুলি তার চোখে লাগে। পরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন আশরাফুল।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।




কমেন্ট বক্স