মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পূর্বঘোষিত ব্যাপক হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ঘোষণার পর ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।
জাতিসংঘ:
মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য সকল পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়িত সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির জন্য যুদ্ধবিরতির শর্তাবলী মানতে হবে।”
অস্ট্রেলিয়া:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের কার্যালয় জানিয়েছে, দেশটি চায় যুদ্ধবিরতি অব্যাহত থাকুক এবং সংঘাতের স্থায়ী সমাধান হোক।
নিউজিল্যান্ড:
নিউজিল্যান্ড যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে, তবে সতর্ক করেছে যে শান্তি নিশ্চিত করতে এখনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাকি আছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন, “এটি উৎসাহব্যঞ্জক খবর, কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ কাজ বাকি।”
জাপান:
জাপানও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, সংকট নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ জরুরি, যার মধ্যে হরমুজ প্রণালির নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।
ইরাক:
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ ও টেকসই সংলাপের আহ্বান জানিয়েছে।
পাকিস্তান:
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
তবে ইসরাইল পরে জানিয়েছে, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।
সূত্র: ফ্রান্স২৪
নিউজ ডেস্ক