গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ধাপেরহাট ইউনিয়নের জাতীয় মহাসড়কের হামিদুলের দোকানের সামনে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এ সময় কুড়িগ্রাম থেকে বগুড়াগামী হক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন এক যাত্রীর ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মাদক বহনের অভিযোগে ঘটনাস্থল থেকেই একজনকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃত ব্যক্তি লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারী গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জলিলের পুত্র জহুরুল ইসলাম (৩০) বলে নিশ্চিত করেছে পুলিশ।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সুপদ হালদার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, মহাসড়কে পুলিশের এমন অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
নিউজ ডেস্ক
