চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম (৩৫) নামের এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির বাসিন্দা আবুল মনসুরের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শামীম দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন এবং রাজনৈতিক কারণে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে বাবার বাড়িতে যান। পরে সন্ধ্যার দিকে শামীমও সেখানে পৌঁছান।
অভিযোগ রয়েছে, রাত ৮টার দিকে জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল শামীমকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ বেড়িবাঁধসংলগ্ন তালতলা এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরিবারের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজ ডেস্ক
