ঢাকা

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, হকার দখলে রাস্তা—শেরে বাংলা মেডিকেলের সামনে চরম ভোগান্তি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

বরিশাল প্রতিনিধি: বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা, যার ফলে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। গুরুত্বপূর্ণ এই চিকিৎসা কেন্দ্রের প্রবেশপথে হাঁটুসমান পানি জমে থাকায় রোগীদের যাতায়াত হয়ে উঠছে অত্যন্ত কষ্টসাধ্য।

স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের বৃষ্টিতেই পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন জলাবদ্ধতা স্বাস্থ্যসেবার মানকেই প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সচেতন মহল।


এরই মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে রাস্তার দুই পাশে অবৈধভাবে বসে থাকা হকারদের দখল। ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও তাদের স্বজনদের জন্য এটি হয়ে উঠেছে চরম দুর্ভোগের কারণ।

একজন রোগীর স্বজন বলেন, “হাসপাতালে আসতেই কষ্ট, তার ওপর পানি আর ভিড়ের মধ্যে দিয়ে রোগী নিয়ে চলা খুবই কঠিন।”

স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন ও অবৈধ দখল উচ্ছেদ না করা হলে এ সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করবে।





কমেন্ট বক্স