ঢাকা

হামের উপসর্গে রামেকে ৫০ শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছরে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ধরনের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫০ জনে। সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন রোগী। চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী এখানে ভর্তি হয়েছেন।

গত এক সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার চার শিশুর মৃত্যুর আগে বুধবার (৮ এপ্রিল) তিনজন, মঙ্গলবার (৭ এপ্রিল) একজন, সোমবার (৬ এপ্রিল) দুইজন, রোববার (৫ এপ্রিল) দুইজন, শনিবার (৪ এপ্রিল) তিনজন এবং শুক্রবার (৩ এপ্রিল) একজন শিশুর মৃত্যু হয়েছে।


চিকিৎসকদের মতে, আক্রান্তদের বড় অংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। দেরি হলে জটিলতা বাড়ার পাশাপাশি মৃত্যুঝুঁকিও বেড়ে যায়।


সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও মারাত্মক আকার নিতে পারে।




কমেন্ট বক্স