নোবিপ্রবি প্রতিনিধি
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা হাজারো শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ একদিন। কিন্তু সময়ের সামান্য ব্যবধানই কেড়ে নিল এক শিক্ষার্থীর স্বপ্ন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সারাদেশে একযোগে শুরু হওয়া এই পরীক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর অধীন নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে ঘটে এমনই একটি হৃদয়বিদারক ঘটনা।
পরীক্ষার্থী তৌহিদুল ইসলাম নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে কেন্দ্রে পৌঁছান। ভর্তি পরীক্ষার কঠোর নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর কাউকে হলে প্রবেশ করতে না দেওয়ার বিধান থাকায়, তাকে আর পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
দূরবর্তী এলাকা থেকে আসা তৌহিদের দাবি, পথে যানজট ও পরিবহন সমস্যার কারণেই তিনি দেরি করেন। পরীক্ষাকেন্দ্রের সামনে দাঁড়িয়ে তার কণ্ঠে ছিল হতাশা “এতদিনের প্রস্তুতি, স্বপ্ন সব শেষ হয়ে গেল কয়েক মিনিটের জন্য। আরেকটু সুযোগ পেলে হয়তো পরীক্ষাটা দিতে পারতাম।”
ঘটনাটি শুধু তৌহিদের নয়, উপস্থিত অনেক অভিভাবক ও শিক্ষার্থীর মনেও নাড়া দেয়। তবে কর্তৃপক্ষের ভাষ্য স্পষ্ট শৃঙ্খলা ও সমতা বজায় রাখতে নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।
নিউজ ডেস্ক
