ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার আওতায় গঠিত একটি বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র থেকে স্পেনকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন।
ইসরায়েলের কিরিয়াত গাত এলাকায় স্থাপিত এই কেন্দ্রটি গাজায় যুদ্ধবিরতি কার্যক্রমে সমন্বয় ভূমিকা পালন করে আসছিল।
শুক্রবার (১০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েলের আগ্রাসন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে তাদের নীতি এবং লেবাননে চালানো হামলার সমালোচনা করে আসছিল স্পেন। এই প্রেক্ষাপটেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নেতানিয়াহু জানান, স্পেন ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সামরিক অভিযানের কড়া সমালোচনা করায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, স্পেন ইসরায়েলের সেনাবাহিনী ও রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।
নেতানিয়াহু বলেন, “যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সামনে ইসরায়েল নীরব থাকবে না। স্পেন আমাদের সেনাবাহিনী—বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী আইডিএফ—কে অপমান করেছে। তাই কিরিয়াত গাতের সমন্বয় কেন্দ্র থেকে স্পেনের প্রতিনিধিদের সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছি।”
তিনি আরও বলেন, “এই ভণ্ডামি ও শত্রুতা মেনে নেওয়া যায় না। কোনো দেশকে বিনা মূল্যে আমাদের বিরুদ্ধে কূটনৈতিক লড়াই চালানোর সুযোগ দেওয়া হবে না।”
নিউজ ডেস্ক