গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরের গঙ্গাচড়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান, মিডিয়া সেল প্রধান আশরাফুল আলম, ওলামা বিভাগের মাওলানা মো. রোকনউজ্জামান এবং এনসিপির সাবেক উপজেলা সমন্বয়কারী রিফাতুজ্জামান চৌধুরীসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে মাওলানা নায়েবুজ্জামান বলেন, গণভোটের রায় উপেক্ষা করা মানে জনগণের মতামতকে অগ্রাহ্য করা। জনগণকে সচেতন করতে তারা মাঠে নেমেছেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ দাবি বাস্তবায়ন জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপির সাবেক উপজেলা সমন্বয়কারী রিফাতুজ্জামান চৌধুরী বলেন, গণভোট জনগণের মতামতের প্রতিফলন। সেই রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার আদায়ে তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করেন।
নিউজ ডেস্ক
