শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া (রংপুর)
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতে থাকা এক অসহায় হিন্দু দম্পতির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান বাঁধপাড়া এলাকায় গিয়ে তাঁদের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া দম্পতি অরজুন চন্দ্র ও তাঁর স্ত্রী কেশনা বালা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সাল থেকে অরজুন চন্দ্র হৃদরোগ ও অ্যাজমায় ভুগছেন। গত সাত-আট বছর ধরে তিনি কার্যত কর্মক্ষম নন। আগে তিস্তা নদীতে মাছ ধরে যা আয় করতেন, তা দিয়েই কোনো রকমে চলত সংসার।
দম্পতির দুই মেয়ে থাকলেও তাঁদের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে বাড়িতে দেখভালের মতো কেউ নেই। স্বামীর অসুস্থতার পর সংসারের দায়িত্ব কাঁধে নেন কেশনা বালা। তিনি মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে স্বামীর চিকিৎসা ও সংসার চালাতেন।
কিন্তু ২০২৩ সাল থেকে তিনিও মেরুদণ্ড ও কোমরের হাড় ক্ষয়জনিত জটিল রোগে আক্রান্ত হন। গত তিন মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে বর্তমানে তিনি পুরোপুরি শয্যাশায়ী। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও এমআরআই (MRI) করানো প্রয়োজন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব হচ্ছে না।
স্ত্রীর এমন অবস্থায় ভেঙে পড়েছেন অরজুন চন্দ্রও। নিজেও অসুস্থ হওয়ায় তিনি প্রায় শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শিবিরের সভাপতি হামিদুর রহমান, জেলা শিবিরের সাহিত্য সম্পাদক গোলাম মোস্তফা, গঙ্গাচড়া পূর্ব থানা সভাপতি সাহেব আলী ও পশ্চিম থানা সভাপতি মোকাররমবীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা শিবিরের সভাপতি হামিদুর রহমান বলেন, ‘আমরা আমাদের সাধ্যের মধ্যে সহায়তার চেষ্টা করেছি। একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই।’পরিবারটি সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজ ডেস্ক
