ঢাকা

নারী সেজে টিকটক: বহিষ্কৃত ছাত্রদল নেতা থানায় মুচলেকা, ক্ষোভে চুল কাটলেন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ১০ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নারী সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করা হয়েছে। সেখানে তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করে মুচলেকা দিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কসবা থানায় উপস্থিত হয়ে তিনি এই মুচলেকা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল স্থানীয় বাসিন্দারা রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, তাদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নারী সেজে বিভিন্নভাবে অশালীন ও আপত্তিকর কার্যকলাপ পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তারা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট প্রচার করে কিশোর-তরুণসহ সাধারণ মানুষের নৈতিক মূল্যবোধ ক্ষুণ্ন করছেন, যা সামাজিক শালীনতা ও স্থিতিশীলতার পরিপন্থী।

এ প্রেক্ষিতে পুলিশ তাদের থানায় তলব করে। জিজ্ঞাসাবাদে রেদোয়ান ইসলাম জানান, তিনি ভবিষ্যতে আর কখনো নারী সেজে কোনো অশালীন কনটেন্ট তৈরি বা প্রচার করবেন না। তিনি এ মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। এ সময় স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এদিকে, ঘটনার পর নিজের ক্ষোভ প্রকাশ করতে রেদোয়ান ইসলাম মাথার চুল কেটে ফেলেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।



কমেন্ট বক্স