ঢাকা

স্বাস্থ্যবীমা বোর্ডে স্ত্রীকে পুনর্নিয়োগের চেষ্টা, নেপালের শ্রমমন্ত্রী বরখাস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


স্ত্রীর সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপ কুমার সাহকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মধ্যেই বৃহস্পতিবার তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।


প্রধানমন্ত্রীর সচিবালয় জানায়, ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবীমা বোর্ডে মেয়াদ শেষ হওয়ার পর স্ত্রীকে পুনরায় নিয়োগ দেওয়ার চেষ্টা করায় সাহের বিরুদ্ধে পদের অপব্যবহারের অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে আরএসপি সভাপতি রবি লামিছানে তাকে অপসারণের সুপারিশ করেন।


প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা দীপা দাহাল জানান, বুধবার আরএসপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন সাহকে অপসারণের সুপারিশ জমা দেয়। বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই সামলাচ্ছেন প্রধানমন্ত্রী।


এ ঘটনায় স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে। সাহের স্ত্রীর পুনর্নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সামলাতে ব্যর্থ হওয়ায় তাকে সতর্ক করার সুপারিশ করা হয়। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী তাকে সতর্ক করেছেন বলে জানান দাহাল।


উল্লেখ্য, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও প্রজন্মগত পরিবর্তনের দাবিতে গত বছরের আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনে ঐতিহ্যবাহী দলগুলোকে পরাজিত করে গত মার্চে ক্ষমতায় আসে বালেন শাহ ও তার দল আরএসপি।





কমেন্ট বক্স