জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৯ জনের একটি তালিকা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। এতে দলীয় নেত্রীদের পাশাপাশি জোটের বাইরের প্রতিনিধিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর নামও রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জামায়াতের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে জামায়াত ১১টি সংরক্ষিত নারী আসন পাবে। এর মধ্যে আপাতত ৯ জনকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় জামায়াতের বাইরের দুইজন প্রার্থীও রয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইন-মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি।
এছাড়া সিলেট অঞ্চল থেকে মাহফুজা সিদ্দিকা, চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা এবং উত্তরবঙ্গের বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদকে বাছাই করা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন শিক্ষক, প্রকৌশলী ও টকশো ব্যক্তিত্ব মারদিয়া মমতাজ।
জোটের অংশ হিসেবে এনসিপি থেকে ডা. মাহমুদা আলম মিতুকে মনোনয়ন দেওয়া হয়েছে। একইভাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে মনোনয়ন পাচ্ছেন দলটির সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের কন্যা ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
অবশিষ্ট দুই আসনের মধ্যে একটি ২০২৪ সালের জুলাইয়ের শহীদ পরিবারের জন্য সংরক্ষিত রাখা হতে পারে বলে জানা গেছে। অন্য একটি আসন এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে ২০২৬ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি পাবে ৩৬টি, বিরোধী জোট ১৩টি এবং একটি আসন স্বতন্ত্র সদস্যদের জন্য নির্ধারিত রয়েছে।