ঢাকা

মধুপুরে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ভুট্টা ক্ষেতে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর নেংড়াবাজার এলাকায় নিজ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা স্থানীয় বাসিন্দা মো. আবু সামার মেয়ে। সে এলাকার একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার জানায়, শনিবার আসরের নামাজের পর থেকে ফাতেমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার নিখোঁজের খবর প্রচার করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা জনি খান জানান, ফাতেমার কানে স্বর্ণের দুল ও গলায় একটি রুপার মালা ছিল, যা মরদেহ উদ্ধারের সময় পাওয়া যায়নি। তার ধারণা, কেউ প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে গহনা ছিনিয়ে নেওয়ার পর হত্যা করে সেখানে ফেলে গেছে।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার আগে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।




কমেন্ট বক্স