ঢাকায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে বড় পরিসরে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ আজ (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে চলবে আগামী ১১ মে পর্যন্ত। এই কর্মসূচির আওতায় প্রায় পাঁচ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর কড়াইল এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম খান।
প্রতিমন্ত্রী বলেন, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রতিটি শিশুকে অবশ্যই এই টিকা নিতে হবে। ধাপে ধাপে সারা দেশে এই কার্যক্রম বিস্তৃত করা হবে।
ডিএনসিসি প্রশাসক জানান, মহাখালীতে অবস্থিত কোভিড হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যাতে নগরবাসী উন্নত স্বাস্থ্যসেবা পায়।
এই ক্যাম্পেইনের আওতায় ডিএনসিসির ১০টি অঞ্চলে মোট ৫৯৯টি টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে ৫৪টি স্থায়ী, ৫০২টি অস্থায়ী, ৩৫টি ইভিনিং এবং ৮টি ফ্রাইডে সেন্টার রয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন স্বেচ্ছাসেবক এবং ২০৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমরুল কায়েস চৌধুরী, ডা. রিয়াদ মাহমুদ, রানা ফ্লাওয়ার্স, ডা. রাজেশ নারওয়াল এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
ডিএনসিসি কর্তৃপক্ষ সব অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে।