ঢাকা

দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ঝুঁকিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যারা নিরাপত্তার কারণে দেশে ফিরতে ইচ্ছুক, তাদের জন্য নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চলমান সংঘাতে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন নারী রয়েছেন। বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ইতোমধ্যে পরিবারের পাশে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে যারা চাকরি হারিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন, তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রবাসীদের জন্য সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স