হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণে মার্কিন প্রতিরক্ষা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মাইন অপসারণের উদ্দেশ্যে ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন ও ইউএসএস মাইকেল মারফি নামের দুটি মার্কিন রণতরী ইতোমধ্যে হরমুজ প্রণালির দিকে রওনা দিয়েছে। সংস্থাটি দাবি করে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যে মাইন স্থাপন করেছে, তা অপসারণের বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্টকমের শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, “আজ আমরা একটি নতুন পথ তৈরির কাজ শুরু করেছি, যা বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শিগগিরই বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে এবং শিগগিরই সেখানে মাইন-বিধ্বংসী প্রযুক্তি ব্যবহার করা হবে।
সেন্টকমের দাবি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধের অংশ হিসেবে আইআরজিসি মাইন পুঁতে রাখে। তবে কোন স্থানে মাইন বসানো হয়েছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নথিতে থাকা অনেক স্থানে মাইন এখন আর নেই—কিছু ভেসে গেছে, কিছু স্থানান্তরিত হয়েছে। ফলে পুরো এলাকায় মাইন শনাক্ত ও অপসারণ অভিযান জটিল হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য প্রবাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।