রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
ঘটনার সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইমন ওরফে এলেক্স ইমন একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন এবং তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
নিউজ ডেস্ক
