ঢাকা

কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।


সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করার কথা রয়েছে।


প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন এবং গাছের চারা তুলে দেবেন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সরকার ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির লক্ষ্য কৃষকদের অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়ন।


তিনি আরও জানান, প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় এ কার্যক্রম চালু হচ্ছে। পর্যায়ক্রমে প্রায় ৩০ লাখ কৃষককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘কৃষক কার্ড’ তিন ধাপে বাস্তবায়ন করা হবে—প্রাক-পাইলটিং, পাইলটিং এবং দেশব্যাপী সম্প্রসারণ।


এই কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র, সরকারি ভর্তুকি ও প্রণোদনা। পাশাপাশি মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস, বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, রোগ-বালাই দমন পরামর্শ, কৃষি বিমা এবং ন্যায্যমূল্যে ফসল বিক্রির সুবিধাও নিশ্চিত করা হবে।




কমেন্ট বক্স