মাগুরা প্রতিনিধি:
মাগুরা পৌরসভার মীরপাড়া এলাকায় আয়নাল মোল্যার মাছের ঘের সংলগ্ন একটি কলাবাগান থেকে কিশোর সুমন মোল্যা (১৬)-এর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় মূলহোতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো—মূল আসামী তরিকুল ইসলাম (২৬), মিহাজ হোসেন (২৪), জুয়েল হোসেন (২৩), শাকিব শেখ (১৯), হৃদয় হোসেন (২৮) এবং আরও একজন।
বুধবার (১৫ এপ্রিল) জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনার পরপরই গোয়েন্দা টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে সুমনের সঙ্গে আসামীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমনের মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে তার মৃত্যু নিশ্চিত হলে আসামীরা গলার শ্বাসনালি কেটে দেয়।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।
নিউজ ডেস্ক
