পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের এক সাধারণ ঘর হঠাৎই হয়ে ওঠে ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী। একই সাথে পাঁচটি নবজাতকের কান্নায় মুখরিত হয় সেই ঘর—তিন ছেলে ও দুই মেয়ের জন্ম যেন একদিকে আশীর্বাদ, অন্যদিকে কঠিন বাস্তবতার এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দরিদ্র পিতা সোহেল হাওলাদারের পরিবারের জন্য।
গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে জন্ম নেওয়া এই পাঁচ শিশুর লালন-পালন এখন পরিবারের জন্য এক বিশাল দায়িত্ব। নিত্যপ্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা, পোশাকসহ প্রতিটি খরচই তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। সীমিত আয়ের এই পরিবারটি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে।
এমন সংকটময় মুহূর্তে শুরু থেকেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করে পরিবারটির পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন, যা তাদের জন্য এক বড় আশ্রয় ও ভরসা হয়ে উঠেছে।
এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ড. মাসুদ এমপির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ সোহেল হাওলাদারের বাড়িতে যান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম। তারা পরিবারটির বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
মানবিক দায়বদ্ধতা ও ইসলামী মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামী পরিবারটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাদের এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝেও প্রশংসিত হয়েছে।
পাঁচ নবজাতকের পিতা সোহেল হাওলাদার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“একসাথে পাঁচ সন্তান জন্ম নেওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কীভাবে তাদের বড় করবো বুঝতে পারছিলাম না। হাসপাতাল থেকেই ড. মাসুদ এমপি ও জামায়াতের নেতৃবৃন্দ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমত।”
অন্যদিকে, বাউফল উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন,
“মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি শুরু থেকেই এই পরিবারের পাশে রয়েছেন। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।”
এই ঘটনাটি শুধু একটি পরিবারের সংগ্রামের গল্প নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে।