লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জীবনের ৩৯টি বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন আবুল খায়ের বিএসসি। অবশেষে বেজে গেল বিদায়ের ঘণ্টা। বিদায়টি ছিল রাজকীয়। একই প্রতিষ্ঠান থেকে অণিমা প্রভা রায় নামে আরও একজন শিক্ষক বিদায় নিয়েছে। তিনিও ২৭ বছর শিক্ষকতা করেছেন। তাদেরই দুইজনকেই অবসরকালীন বিদায় জানিয়ে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজীর দিঘীরপাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এমন দৃশ্য দেখা গেছে। কাজীর দিঘীর পাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। শিক্ষক খায়ের ও অণিমা একই বিদ্যালয়ে কর্মজীবন শুরু এবং শেষ করেন।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাজী জহির উদ্দিন, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ, শিক্ষক মনির হোসেন, জাকির হোসেন, পারভেজ হোসেন, শাহীন আলম, ব্যবসায়ী নিজাম উদ্দিন, শরীফ হোসেন ও ফরিদ উদ্দিন প্রমুখ।
শিক্ষক আবুল খায়ের বলেন, ১৯৮৬ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৯ বছর শিক্ষকতা করেছি। এখন কর্মজীবন শেষ। বিদায় বেলায় সহকর্মী-শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা ছিল সর্বোচ্চ উপহার। মুগ্ধ হয়েছি সবার ভালোবাসায়।
শিক্ষক অণিমা প্রভা রায় বলেন, বিদায় বেলা ফুলে সজ্জিত গাড়িতে বাড়ি যেতে পারব এটি প্রত্যাশাও করিনি কখনও। সম্মানজনক আয়োজন ছিল। এই বিদ্যালয়ে ২৭ বছর কর্মরত ছিলাম। প্রত্যেকটি মুহূর্তে সহকর্মী-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা পেয়েছি। তাদের ভালোবাসা নিয়ে আজ বিদায় নিয়ে বাড়ি ফিরছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, কর্মজীবন শেষে সবাইকে কর্মস্থল থেকে বিদায় নিতে হয়। আমাদেরকে বিদায় নিতে হবে। শিক্ষক খায়ের এবং অণিমা শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক ছিলেন। সহকর্মী হিসেবে তাদের শূন্যতা অনুভব করব।