জাবি প্রতিনিধি :
সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় দুই বাসের রেষারেষিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানী পরিবহনের স্টাফদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।এর পর ‘নগর ও পরিকল্পনা’ বিভাগের একদল শিক্ষার্থী রাজধানী পরিবহনের ৯টি বাস আটকে রাখে।
আজ বৃহস্পতিবার (১৬ই এপ্রিল ) বিকেলে সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারীদের ভাষ্যমতে, পল্লিবিদ্যুৎ এলাকায় বাসে উঠার সময় ইতিহাস ও রাজধানী পরিবহন একে অপরের সাথে রেষারেষি করে। এতে সেখানে উপস্থিত থাকা জাবি শিক্ষার্থীদের আহত হওয়ার শঙ্কায় বাস স্টাফদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেয়। এমতাবস্থায় ক্যাম্পাসে খবরটি জানালে উক্ত বিভাগের শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ৯ টি বাস আটক করে।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “শিক্ষার্থীরা আমার সাথে কথা বলেছে। তারা অভিযোগপত্র দিচ্ছে। একইসাথে রাজধানী পরিবহনের মালিকপক্ষের সাথে কথা হলে শিক্ষার্থীরা ৯ টি বাস ছেড়ে দেওয়ার জন্য সম্মতি দেয়। যে বাসের সাথে ঘটনাটি ঘটে সে বাসের স্টাফরা ক্ষমা চাওয়া সহ তাদের যোগাযোগ করার কথায় বাস ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা সম্মতি দেন। আশা করছি দ্রুত বিষয়টি সমাধান করতে আমরা সক্ষম হব।”
নিউজ ডেস্ক