গাজীপুরের শ্রীপুরে আলোচিত কিশোরী ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নয়নপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ লাল চান মিয়া।
পুলিশ জানায়, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফারিহার জবানবন্দি নেওয়া হবে। এতে ঘটনার প্রকৃত বিষয় পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।
এর আগে ১৬ এপ্রিল অভিযোগ ওঠে, নিজ বাড়ি থেকে বাবার সামনে অস্ত্রের মুখে কিশোরী ফারিহাকে অপহরণ করা হয়। অভিযুক্ত হিসেবে একই এলাকার আবিদ (২১) নামের এক যুবকের নাম উঠে আসে।
ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় এজাহার দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত আবিদসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ফারিহাকে উত্ত্যক্ত করছিল এবং ভয়ভীতি দেখিয়ে আসছিল।
আরও বলা হয়, ঘটনার দিন সকালে ফারিহা মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে স্থানীয়দের চাপে পরদিন তাকে ফিরিয়ে আনা হলেও আবারও হামলা ও অপহরণের অভিযোগ ওঠে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একদল সশস্ত্র ব্যক্তি ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে এর আগেই অভিযুক্তরা কিশোরীকে নিয়ে পালিয়ে যায়।
তবে তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ছেলে ও মেয়ের মধ্যে পূর্বপরিচয় ছিল এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্কও থাকতে পারে। পুলিশের দাবি, তারা ১৪ এপ্রিল স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ফিরিয়ে আনা হলেও সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়।
নিউজ ডেস্ক