স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রশংসা চলতে থাকায় মিলনায়তনে এক ভিন্ন মুহূর্তের সৃষ্টি হয়।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে এ ঘটনা ঘটে। বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ করে বলেন, “মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম করবেন।”
এ সময় উপস্থিত সবাই করতালি দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী হাস্যরস করে বলেন, তিনি বাড়তি কিছু বলেননি, বরং বাস্তবতার তুলনায় কমই বলেছেন।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারপ্রধানের ‘জিরো টলারেন্স’ নীতি এবং মাঠপর্যায়ের চিকিৎসকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা উন্নত করতে হলে গ্রাম পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়ানো জরুরি।
তিনি আরও জানান, সরকার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মতামত গুরুত্ব দিয়ে একটি কার্যকর ও শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
নিউজ ডেস্ক