সরকার আগামী ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ৪ থেকে ৮ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানান।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে শুধু সৌরবিদ্যুৎ খাতেই ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জৈবগ্যাস ও বায়ুশক্তি নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৪ থেকে ৮ টাকা ব্যয় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারি মালিকানাধীন জমি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় আকারের প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে, যেখানে বেসরকারি উদ্যোক্তারা অংশ নিতে পারবেন।
এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। চূড়ান্ত অনুমোদনের পর কয়েক দিনের মধ্যেই এটি কার্যক্রম শুরু করবে। প্রয়োজনে নীতিমালা সংশোধন ও নতুন আইন প্রণয়ন করে দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিদ্যমান নীতিমালা সহজ করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি জমি, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল-সংলগ্ন এলাকা ব্যবহার করে ছোট ও বড় আকারের বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।
ড. নাসিমুল গনি আরও জানান, বিদ্যুৎ খাতের বড় প্রকল্পগুলোতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো হবে এবং সরকারি সহায়তায় বিনিয়োগ পরিবেশ সহজ করা হবে।
জ্বালানি সংকট ও বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে বাজার অস্থিরতা ও ব্যবসায়িক প্রবণতার কারণে জ্বালানি বিতরণে সমস্যা দেখা দিচ্ছে।