নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাহাদুরপুর গ্রাম থেকে সবুজ হোসেন (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিহত গৃহকর্তা হাবিবুর রহমানের ভাগনে এবং মান্দা উপজেলার পারনপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ফজরের নামাজের পর প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে চারজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি সোমবার রাতে চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই টাকা লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেও এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যদিকে, হাবিবুর রহমানের বাবা জানিয়েছেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে এবং কিছু আত্মীয়ের বিরুদ্ধে আগেও হুমকির অভিযোগ ছিল।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
নিউজ ডেস্ক