পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক প্রত্যাশার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।
এর আগে, সোমবার (২০ এপ্রিল) আলোচনার অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। তবে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৯৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের মে মাসের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে নেমেছে।
এদিকে সম্ভাব্য এই আলোচনা ঘিরে এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা ইতিবাচক প্রভাব দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় বাজারে লেনদেনেও চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
নিউজ ডেস্ক