ঢাকা

কাপাসিয়ায় এসএসসি কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাট শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে উৎকণ্ঠা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি :  সংগৃহীত ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে সাময়িক বিভ্রাটের ঘটনা ঘটেছে। গত বছরের সিলেবাসভুক্ত প্রশ্নপত্র ভুলবশত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলেও পরবর্তীতে তা সংশোধন করে চলতি বছরের প্রশ্নপত্র দিয়ে পুনরায় পরীক্ষা পরিচালনা করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, ২০২৫ সালের সিলেবাসভুক্ত পাঁচজন পরীক্ষার্থীর জন্য নির্ধারিত কিছু প্রশ্নপত্র ভুলবশত প্রায় ৮০ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। বিষয়টি বুঝতে পারার পর অল্প সময়ের মধ্যেই প্রশ্নপত্রগুলো ফিরিয়ে নিয়ে ২০২৬ সালের সিলেবাসভুক্ত নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

এ বিষয়ে সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সচিব মাসুম কবির জানান, ভুলবশত কিছু প্রশ্নপত্র বেশি সংখ্যক শিক্ষার্থীর মাঝে বিতরণ হয়ে যায়। প্রায় ১০ মিনিটের ব্যবধানে প্রশ্নপত্রগুলো ফিরিয়ে নিয়ে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। তিনি আরও জানান, এ সময়ের মধ্যে কিছু শিক্ষার্থী খাতায় তিন-চার লাইন লিখে ফেললেও পরে তা সংশোধন করে দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়।
 এতে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে কেন্দ্রের ট্যাগ অফিসার ফাতেমাতুজ জোহরা জানান, ভুলবশত দুইটি কক্ষে প্রায় ৮০ জন শিক্ষার্থীর মাঝে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। তবে দ্রুত বিষয়টি শনাক্ত করে অল্প সময়ের মধ্যেই প্রশ্নপত্র পরিবর্তন করা হয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই তাকে অবহিত করা হয় এবং তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী পরীক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে উৎকণ্ঠার সৃষ্টি হয়। অভিভাবকরা জানান, এ ধরনের ভুল মোটেই কাম্য নয়। এতে শিক্ষার্থীদের মাঝে মানসিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের পরীক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক শিক্ষার্থী পরীক্ষার খাতায় শুরুতে ভুলভাবে লেখা হওয়ায় তা আবার কর্তন করে নতুন করে লিখতে হয়েছে, যা তাদের মনোবলকে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় এলাকাবাসীরাও ঘটনাটিকে গুরুতর ভুল হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতিতে বাধা সৃষ্টি করে এবং কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির যথাযথ তদন্ত ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স