ঢাকা

কালাইয়ে মাদকাসক্ত ভাইকে ফেরাতে গিয়ে দোকানে হামলা, ৩ লাখ টাকার ক্ষতির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুট গ্রামে ছোট ভাইকে মাদকাসক্তি থেকে ফেরানোর চেষ্টায় বড় ভাইয়ের প্রায় তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি সহোদর দুই ভাই শাহজাহান ফারুক ও শাহরিয়ার কবির সুজনকে ঘিরে। বড় ভাই শাহজাহান ফারুকের অভিযোগ, ছোট ভাই শাহরিয়ার কবির সুজন দীর্ঘদিন ধরে মাদক সেবন, গোপনে মাদক বিক্রি এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

তিনি জানান, পারিবারিকভাবে ছোট ভাইকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। কিন্তু তাকে সংশোধনের উদ্যোগ নিতে গিয়ে উল্টো দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, গত ১১ এপ্রিল গভীর রাতে মোসলেমগঞ্জ বাজারের ওপর সরকারি জায়গায় থাকা তাদের যৌথ দখলকৃত দোকানের মাঝখানের পার্টিশন ভেঙে সুজন তার মুদি দোকানে প্রবেশ করেন। পরে সেখান থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যান বলে দাবি করেন শাহজাহান ফারুক।

ঘটনার পর তিনি কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর থেকেই বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন এবং প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন বলেও জানান তিনি। এ ঘটনায় একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন বলেও দাবি করেন।

এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, সুজন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত বলে এলাকায় আলোচনা রয়েছে। তার বিরুদ্ধে গোপনে মাদক বিক্রির অভিযোগও শোনা যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহরিয়ার কবির সুজনকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তার ভাষ্য, “নেশাখোর ধরতে গেলে কখনো কখনো নেশা করতে হয়, ডাকাত ধরতে গেলে ডাকাতের মতো আচরণ করতে হয়।” ওই সাক্ষাৎকারে তিনি মাদক ব্যবসার বিষয়েও স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন বলে জানা গেছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স