জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ইউরোপে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় আগামী অক্টোবর পর্যন্ত প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের উড়োজাহাজ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির বিমান সংস্থা লুফথানসা গ্রুপ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে ইউরোপজুড়ে উড়োজাহাজের জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে—এই আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানায়, গত সোমবার থেকে প্রতিদিন গড়ে প্রায় ১২০টি উড়োজাহাজ যাত্রা বাতিল করা শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই কার্যক্রম মে মাসের শেষ পর্যন্ত চলবে, তবে পরিস্থিতি অনুযায়ী তা আরও বাড়তে পারে।
গ্রুপটির অধীনস্থ সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস এবং অস্ট্রিয়ান এয়ারলাইনসসহ অন্যান্য বিমান সংস্থার যাত্রাও এই সিদ্ধান্তের আওতায় পড়ছে।
লুফথানসা গ্রুপের মতে, এই পদক্ষেপের ফলে প্রায় ৪০ হাজার টন জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে।
বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন বিমান সংস্থা তাদের যাত্রাসূচি নতুন করে সাজাচ্ছে। আগে যেখানে কম জ্বালানি মূল্যে কিছু রুট লাভজনক ছিল, সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে উড়োজাহাজের জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হওয়ায় এখন সেগুলো পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, ইউরোপ তাদের মোট উড়োজাহাজের জ্বালানির প্রায় ৭০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। সংঘাতের কারণে হরমুজ প্রণালির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানিতে চাপ তৈরি হয়েছে। ফলে সামনে ইউরোপে জ্বালানি সংকটের পাশাপাশি রেশনিং ব্যবস্থাও চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।