ঢাকা

চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে দুই সংগঠন।


মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চবি শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল হয়ে ২ নম্বর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


এর প্রায় এক ঘণ্টা পর, রাত সাড়ে ১০টার দিকে চবি শাখা ছাত্রশিবির একই স্থান জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে। মিছিলটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল ও নিরাপত্তা দপ্তর হয়ে সোহরাওয়ার্দী হল মোড় ঘুরে আবার জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘গুপ্ত শিবির’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, চবি সহ দেশের সব ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধ করতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন কর্মী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দিয়েছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের রাজনীতি চালিয়ে গেলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারিও দেন তিনি।


অন্যদিকে, বিক্ষোভ শেষে চবি শাখা ছাত্রশিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে করা মিছিলে আবারও হামলা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন কলেজ থেকে ‘ছাত্র নামধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ’ এনে এই হামলা চালানো হয়েছে।


তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও চাঁদাবাজি কাম্য নয়। পাশাপাশি তিনি রাজনৈতিক শব্দচয়ন নিয়ে সমালোচনা করে বলেন, যারা ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে জনগণ দায়িত্বশীল আচরণ আশা করে। অতীত ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তিনি মন্তব্য করেন।




কমেন্ট বক্স