চলতি বোরো মৌসুমে সরকার ধান ও চাল সংগ্রহের নতুন মূল্য নির্ধারণ করেছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে কেনা হবে। পাশাপাশি আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, আগামী ৩ মে থেকে ধান ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা একই সময়সীমা পর্যন্ত অব্যাহত থাকবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান এবং ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৪৮ টাকা দরে ১ লাখ টন আতপ চাল এবং ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গম কেনার পরিকল্পনা রয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। লক্ষ্যমাত্রা অনুযায়ী আমদানি সম্ভব না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে বর্তমানে চালের মোট চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ টন। অনুকূল আবহাওয়া ও দুর্যোগের ঝুঁকি না থাকায় এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় মজুত বজায় রাখা হচ্ছে।