ঢাকা

ইরানে মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর শাস্তি কার্যকর করা হয়।


দণ্ডপ্রাপ্ত মাহদি ফারিদকে ‘জায়নিস্ট শাসনব্যবস্থা’র গোয়েন্দা সংস্থার কাছে সংবেদনশীল রাষ্ট্রীয় তথ্য সরবরাহের অভিযোগে বিচার শেষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।


ফারিদ ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিভিল ডিফেন্স কমিটির ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে জানা যায়, তিনি সাইবার মাধ্যমে মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তার উচ্চ পর্যায়ের প্রবেশাধিকার থাকায় দ্রুতই সংস্থাটির এক কর্মকর্তার আস্থা অর্জন করেন।


তদন্ত ও আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন, শুরু থেকেই তিনি জানতেন তিনি কার সঙ্গে যোগাযোগ করছেন। মোসাদের পক্ষ থেকে তাকে বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়, যা তিনি সরবরাহে সম্মত হন।


তার দেওয়া তথ্যের মধ্যে ছিল প্রতিষ্ঠানের প্রবেশাধিকার ব্যবস্থা, সাংগঠনিক কাঠামো, ভবনের নকশা, নিরাপত্তা ব্যবস্থার বিবরণ, প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্থাপনার তথ্য এবং কর্মীদের পরিচয় সংক্রান্ত ডেটা।


এছাড়া তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ও সার্ভারে অনুপ্রবেশের জন্য তিনি বিশেষ প্রশিক্ষণও নেন। মোসাদের নির্দেশনায় তিনি দুই দফা তথ্য সংগ্রহের চেষ্টা চালান—প্রথমে হার্ডড্রাইভ ব্যবহার করে এবং পরে ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে ট্রোজান ম্যালওয়্যার ইনস্টল করে সার্ভারে প্রবেশের চেষ্টা করেন।


এই কার্যক্রমের বিনিময়ে তিনি বিভিন্ন মাধ্যমে বৈদেশিক মুদ্রাও গ্রহণ করেছিলেন বলে জানা গেছে।




কমেন্ট বক্স